বাইশে শ্রাবণ
আকাশ হয়ে গেছো তুমি তো কবে সেই, আমি তো মাটি হয়ে স্থির, স্থবির;
শরীরে তারা-খসা, চোখে প্রথিতযশা খোঁপাতে 'ক্যামেলিয়া' বান্ধবীর।
বাতাস-দ্রবীভূত শ্রাবণ-সন্ধ্যায়, পাইন-সারি জুড়ে বিষাদ-গীত,
এমন পরিবেশে, মিয়ানো হাতগুলো সহজে ছুঁয়ে যায় পিয়ানো-রিড।
ভীষণ বেদনাতে পাঁজর ভেঙে যায়, ছবিও সেজে ওঠে চন্দনে,
রজনীগন্ধা-কে কে যেন বলেছিলো, তোমাকে ছাড়া তার গন্ধ নেই।
আকাশও পরে নেয় মেঘের বর্ষাতি, বাষ্পে ঢেকে আসে দৃষ্টি আজ,
চোখের কোণে জ্বলে যেটুকু চিকচিক, সেটুকু আজকের বৃষ্টি-সাজ।
পাতারা খসে গেলে, বৃক্ষ ব্যথা পেলে, আত্মা দেহ রেখে অসীমে যায়...
সে যেতে পারে নি তো! হৃদয়ে কান পাতো, বাদলা-ঘনীভূত এ' সন্ধ্যায়।
লিখিত- উত্তরপাড়া, ৮ই আগস্ট, ২০১৯ (অপ্রকাশিত)
Comments
Post a Comment